৭০০ টাকা নিয়ে বাগবিতণ্ডা, লাঠির আঘাতে দেনাদার নিহত

আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:৩৫ পিএম

নরসিংদীর মাধবদীতে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে সানাউল্লাহ (৪৭) নামে একজনকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। মাথায় লাঠির আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে এবং অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজনেই মাদকসেবী। একে অপরের সাথে মাদক খেতেন। নিহত সানাউল্লাহর কাছে আরমান ৭০০ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সানাউল্লাহকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আরমান। এতে দেনাদার সানা উল্লাহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ৭০০ টাকা দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত