গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় রূপগঞ্জে এক কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাব কালারমার বিজ্র সংলগ্ন পাকা রাস্তা থেকে খোকন মেম্বারের পুকুরপাড় পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ডিসি।
নিজ হাতে একটি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন ডিসি। গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বৃক্ষ সোনালু, নিম, অর্জুন, মেহগনি, আমড়া, পেয়ারা, কাঁঠাল, হর্তকি এবং আম গাছের ৩৯০টি চারা রোপণ করা হয়। বৃক্ষগুলো বড় হলে এলাকাটি আরও সবুজ ও মনোরম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিসি জাহিদুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রূপগঞ্জের নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র পরিবেশ রক্ষায় নয়, বরং নাগরিকদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ হিসেবে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করবে।
