জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তার ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিজ শামসের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ তাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন আদালত এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. আল আমিন পৃথক আবেদনে শামসুল হক টুকু ও তার ছেলে এবং দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এক আবেদনে তানভীরের দেশত্যাগ নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।
আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদুক অনুসন্ধান করছে। বর্তমানে বাংলাদেশে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন দাখিল, পাসপোর্ট ইস্যু-নবায়ন, ব্যাংক হিসাব খোলা-পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পাদিত হয়, সেহেতু তাদের জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা হলে, এসব কাজে তারা বাধাগ্রস্ত হবেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন এবং বিস্বস্ত সুত্রে জানাযায় যে আসামিরা যে কোন সময় পালিয়ে দেশত্যাগ করতে পারে। পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্টদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রয়োজন।
মধ্যরাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা