সাভারের আশুলিয়ায় নেশার টাকার জন্য নিজের মা সুফিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যাকারী মাদকাসক্ত ছেলে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে সোমবার রাত পৌনে ৯ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তার আওলাদ হোসেন (৩২) ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকার মো. নেহাজ্জুদ্দিন বেপারীর ছেলে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, নেহাজ্জুদ্দিনের ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে একসাথে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার দুপুর থেকেই মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন আওলাদ। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মা সুফিয়া খাতুন। এতে আওলাদ ক্ষিপ্ত হয়ে রাতে তার মাকে মারধরসহ ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির আরও জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামিকে ধরতে এসআই হারুন অর রশিদ ও এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে ছেলে আওলাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সৌদিতে হজ ৫ জুন, কোরবানির ঈদ ৬ জুন
বাম নেতাদের মশাল মিছিল-স্লোগান, পরক্ষণেই ছাত্র শিবিরের হামলা, আহত ৫ 