ত্রিমুকুট জয়ের এক অনন্য মৌসুম শেষে প্রতিভাবান উইঙ্গার লামিন ইয়ামালকে ছয় বছরের নতুন চুক্তিতে দলে রেখে দিল বার্সেলোনা। মঙ্গলবার ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে নতুন চুক্তিপত্রে সই করেন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তরুণ।
আগের চুক্তি অনুযায়ী ২০২৫-২৬ মৌসুমের শেষেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ইয়ামালের। তবে এবার নতুন চুক্তির আওতায় ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির জার্সিতেই দেখা যাবে ‘লা মাসিয়া’ একাডেমির এই বিস্ময়বালককে।
বছরের ১৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশী মুদ্রায় যা ১৮৮ কোটি টাকা, বেতন পাবেন ইয়ামাল। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেক ঘটে ইয়ামালের। সদ্যসমাপ্ত মৌসুমেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন চোখধাঁধানো পারফরম্যান্সে। হান্সি ফ্লিকের অধীনে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, করিয়েছেন আরও ২৫টি। তার দুর্দান্ত নৈপুণ্যেই লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুমের ট্রেবল পূর্ণ করে বার্সা।
ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়নের পর ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, 'এই চুক্তি বার্সার প্রকল্পের দৃঢ়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। মাতারোর ছেলেটি যেভাবে বিশ্ব ফুটবলে আবির্ভূত হয়েছে, তা নজিরবিহীন।'
এখন পর্যন্ত বার্সার হয়ে ১১৫ ম্যাচে মাঠে নেমে ২৫ গোল করেছেন ইয়ামাল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তিও তার দখলে। একইসঙ্গে তিনিই বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন।
কেবল ক্লাবেই নয়, জাতীয় দল স্পেনের হয়েও দারুণ অবদান রেখেছেন তিনি। এখন পর্যন্ত ১৯টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ইয়ামাল। ছিলেন ২০২৪ ইউরো জয়ী দলেও, যেখানে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লা রোহা।
ইয়ামালের ফুটবল শৈলীতে অনেকেই খুঁজে পান লিওনেল মেসির ছায়া। ঠিক যেমনটা তিনিও উঠে এসেছেন বার্সার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমি থেকে।
তরুণ উইঙ্গারকে ধরে রাখার পাশাপাশি ক্লাব সম্প্রতি কোচ হান্সি ফ্লিক ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার চুক্তিও নবায়ন করেছে। সবমিলিয়ে ভবিষ্যতের রূপরেখা গুছিয়ে নিচ্ছে কাতালান ক্লাবটি।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস
মেসি-সুয়ারেজ বন্ধুত্বের ক্লাব 'দেপোর্তিভো এলএসএম' 