নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চলের পূর্ব বেহাকৈর গ্রামের নয়াপাড়া এলাকায় বুধবার দুপুরে ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ (৮) ওই এলাকার বাদশা মিয়া ও হাবিবুর (৭) হানিফা মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় ওই শিশুরা তাদের বাড়ির পাশের একটি খালি জায়গায় ফুটবল খেলছিল। এ সময় পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে হাবিবুরও সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।
পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে চিৎকার করেন। স্থানীয়রা এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
