ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে— প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। এছাড়া বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মনে করে ভারত।
বৃহস্পতিবার (২৯ মে) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করা।
এর আগে গত রবিবার (২৫ মে) সন্ধ্যায় সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ অনেক বড় সংকটের মধ্যে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, এই সংকটের মূলে রয়েছে ভারতীয় আধিপত্যবাদ। দেশকে ধ্বংস করতে যা যা করা দরকার, সব তারা করছে বলেও জানান তিনি।
তবে ড. ইউনূসের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের অভিযোগগুলো আসল বিষয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা।’
জয়সওয়াল বলেন, ‘আইনশৃঙ্খলা এবং শাসন সংক্রান্ত বিষয়গুলোর দায়িত্ব সম্পূর্ণরূপে সেই সরকারের উপর বর্তায়।
‘এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন, বাইরের কারণ বা অন্য কেউ এই অস্থিরতার জন্য দায়ী। তাহলে মনে হচ্ছে তারা আসল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না; এগুলো জবাবদিহিতা এড়ানোর চেষ্টা বলে মনে হয়,’ জয়সওয়াল যোগ করেন।
