থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচি করল রবি

আপডেট : ২৯ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল রবি। গতকাল বুধবার (২৮ মে) রাজধানীতে রবির প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে রবি, ইউনিলিভার, ম্যাকডোনাল্ড, শান্তা হোল্ডিংস এবং শান্তা ফোরাম কমিউনিটির অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে রবির পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি থেকে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে রবি। এ সময় রক্তদাতাদের বিনামূল্যে ছয়টি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।

এ সময় থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসূমা রহমান বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য নিয়মিত রক্তসঞ্চালন প্রয়োজন। এই ধরনের উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ জীবন রক্ষাকারী এই সহায়তাকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রক্তদান কর্মসূচিতে যে অসাধারণ সাড়া পাওয়া গেছে, তাতে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। এই উদ্যোগ স্বাস্থ্যসেবাসহ দেশের মানুষের জন্য নিবেদিত থাকতে ররির প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে জানানো হয়, থ্যালাসেমিয়া একটি জিনগত বা বংশগত রক্তজনিত রোগ, যা শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে। এতে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১.৮২ কোটি  (১১.৪ শতাংশ) মানুষ থ্যালাসেমিয়ার বাহক। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৬ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের (টিআইএফ) হিসাবে, বর্তমানে দেশে ৭০ হাজারের বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত