ফেনী সীমান্ত দিয়ে আবার ১৩ জনকে পুশইন

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:২৪ পিএম

ফেনীর ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আলতাফ (৩৯), তার স্ত্রী মোমিনা বেগম (৩২); মো. আমিনুল ইসলাম (৩৮), তার স্ত্রী উর্মি বেগম (২৯); মোমিনুল হক (৩৫), তার স্ত্রী শেফালী বেগম (৩০) এবং ইশরাক হোসেন (৪০)। বাকি ছয়জন শিশু।

বিজিবি জানায়, সকাল ৯টার দিকে ৪ বিজিবির ছাগলনাইয়া বিওপির টহলদল মটুয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ১৩ জনকে দেখতে পায়। তদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। 

ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪টি পরিবারের ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবির কর্মকর্তারা বলেন, ওই ১৩ বাংলাদেশিকে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। পরে বৈরি আবহাওয়ার সুযোগ নিয়ে প্রত্যেকের হাত ও চোখের বাঁধন খুলে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা ১৩ জনকে স্থানীয় মটুয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের খাবারসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে ঠেলে পাঠানোর ঘটনায় বিএসএফের সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বিজিবির কোম্পানি কমান্ডার। এ বিষয়ে প্রতিবাদলিপি পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ মে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জনকে বাংলাদেশে পুশইন পাঠিয়েছে বিএসএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত