মানিকগঞ্জে নিজ এলাকায় রিমান্ডে থানা থেকে থানায় ঘুরছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার এক হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে-৩ এ তাকে হাজির করা হয়।
এদিন শুনানি শেষে হরিরামপুর থানার অপর এক মামলায় তাকে দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে। এর আগে গত ২৭ মে বেলা ২টা থেকে সিংগাইর থানার মামলায় হরিরামপুর থানায় রেখে মমতাজকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া মমতাজের নির্বাচনী এলাকা অপর থানা হরিরামপুরে ২০২৪ সালের ২৯ অক্টোবর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মমতাজসহ ৯০ জনের নামে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায়ও চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার মমতাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে-৩ এ সিংগাইর থানার এক মামলায় চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে অপর এক এক মামলায় দুইদিনের রিমান্ডের জন্য তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার টিকেট পেলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।
