আফগানিস্তানের দক্ষিণের হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বাহরামচা জেলায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কাবুল নাও। নতুন বানানো একটি টহল চৌকিতে তালেবান বাহিনী দুটি কনটেইনার নিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
কাবুল নাও জানিয়েছে, সংঘর্ষ থামলেও, সীমান্তে উত্তেজনা রয়েই গেছে। দুই পক্ষের এই গুলিবিনিময়ে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে তালেবান বা পাকিস্তানের কোনো কর্মকর্তারা মন্তব্য পাওয়া যায়নি। গত বছর দুই পক্ষের মধ্যে একই ধরনের এক সংঘর্ষের কারণে তোরখাম সীমান্ত ক্রসিং প্রায় এক মাস বন্ধ ছিল। সেপ্টেম্বরে আফগানিস্তানের খোস্ত প্রদেশ ও পাকিস্তানের কুররম জেলার মাঝে এক প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ১৬ তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল আরও ২৭ জন।