উইকেটের দ্রুত পতনকেই সমস্যা দেখছেন সাকিব

আপডেট : ৩১ মে ২০২৫, ১০:৩৫ এএম

দুই শতাধিক রান তাড়ায় নেমে একমাত্র ফিফটি, সেটাও এসেছে ৯ নম্বর ব্যাটসম্যানের ব্যাট থেকে! গতকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫৭ রানে হারের ম্যাচে পেসার তানজিম হাসান সাকিব খেলেছেন ৩১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। এতে পরাজয়ের ব্যবধানটা কমেছে। ম্যাচ শেষে সাকিব বলেছেন, দ্রুত উইকেট পড়ে যাওয়াতেই ভুগতে হচ্ছে দলকে।

লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম নিঃসন্দেহে ব্যাটিং বান্ধব। পরপর দুই ম্যাচে স্বাগতিক দল এখানে ২০১ রানের স্কোর গড়েছে। এর আগে পিএসএলেও দেখা গেছে রানের ফোয়ারা। এই সত্যিটাই তুলে ধরেন তানজিম সাকিব, ‘আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’

এই তরুণ পেসার আরও বলেন, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হেরে যাচ্ছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

সিরিজ হেরেও আগামী রবিবারের শেষ ম্যাচে কামব্যাক করার স্বপ্ন দেখাতেও ভোলেননি সাকিব, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত