জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার বিরুদ্ধে কাল অভিযোগ দাখিল, হতে পারে সরাসরি সম্প্রচার

আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:৫৭ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। এছাড়া আদালতের এই কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) এসব তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, ‘আগামীকাল শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। আদালতের অনুমতি সাপেক্ষে আগামীকালকের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।’

এর আগে সকালে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

তিনি জানান, বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করছেন। বিচারে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে, সেগুলো যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত