বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ০১ জুন ২০২৫, ০২:৩০ পিএম

বাংলাদেশকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত চীন–বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্যপ্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগ করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণেরা কাজে নামার জন্য প্রস্তুত। চীনা বিনিয়োগকারীদের প্রতি আমি আহ্বান জানাই—এই তরুণদের উৎপাদনশীল খাতে কাজে লাগান।’

চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজারভিত্তিক তথ্য দিতে এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে চীনের অন্তত ১০০ কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত