‘জনগণের ক্ষতি হয় এমন কাজ বিএনপির কেউ করবে না’

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জনগণের ক্ষতি হয় এমন কোনও কাজ বিএনপির কাউকে করতে দেওয়া হবে না। যারা এমন কাজ করবে বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

রবিবার (১ জুন) সকালে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দিনটি উপলক্ষে ১ হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বিকেলে ১ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, ৭১-এ পরিবারের মায়া ত্যাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন। ৭৫ পরবর্তী সময়ে দেশের দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে দুর্ভিক্ষের দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাদের সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াজেদ মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত