জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ২ গ্রুপের অস্ত্রের মহড়া

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

গাজীপুর মহানগরের ইনডেসোর সুয়েটার কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপির দুই পক্ষের সশস্ত্র মহড়া দিয়েছে। এ সময় আশপাশের কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। এঘটনার ভিডিও করতে গিয়ে শরীফ টুটুল নামে স্থানীয় এক সাংবাদিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

সিটি করপোরেশনের ৩২নম্বর ওয়ার্ডের ডেগের চালা এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনভর দফায় দফায় অস্ত্রের মহড়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত শরীফ টুটুল প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, হামিদ মণ্ডলের লোকজনের কাছে পরিস্থিতি জানতে গেলে পেছন থেকে তার মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। আমার ১৭টি সেলাই লেগেছে, হাসপাতালে ভর্তি রয়েছি৷

স্থানীয় জানায়, ওই পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।  বৃহস্পতিবার সকাল থেকে ডেগের চালা রোডে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় লোকজনের জড়ো হয় এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আতঙ্কিত লোকজন বাড়িঘরের দরজা-গেট বন্ধ করে এবং ব্যবসায়ীরা দোকানের শাটার নামিয়ে ভেতরে অবস্থান নেন।

এবিষয়ে ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মণ্ডল অভিযোগ করেন, ইনডেসোর সুয়েটার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে তিনি নিয়মিত ঝুট উত্তোলন করে আসছেন। সম্প্রতি বিএনপির নাম ব্যবহার করে একটি পক্ষ জোরপূর্বক ওই ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তাদের নেতৃত্বেই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। তাদের হাতে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা ছিল বলে তিনি অভিযোগ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানি বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুইপক্ষ মারমুখী অবস্থানে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়ভাবে জানতে পারি বিএনপির দুই গ্রুপ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত