বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ। আজ রবিবারর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সোমবার রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।
গত ৩০ মে বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর আগের দিন, ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। এরপর আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে সভাপতি পদে তার দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়।
রিট আবেদনে ফারুক আহমেদ ২৯ ও ৩০ মে’র এনএসসির দুটি সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার জন্য রুল চেয়েছেন। সেই সঙ্গে রুল জারি হলে, এই দুটি সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ মোট পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনে জাতীয় ক্রীড়া পরিষদ। তখনই জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদীনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই বোর্ড সভায় ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।
পাসপোর্ট পেয়ে গেলেন কিউবা মিচেল, বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষা