একদিনে বিভিন্ন পদমর্যাদার ২৫৩ জন বিচারককে বদলি ও পদায়নের সিদ্ধান্ত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি ও পদায়ন পেয়েছেন ১২ জন।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার শাখা।
প্রজ্ঞাপনের ভাষ্য, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলি, পদায়ন ও পদোন্নতি সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়নকৃতদের মধ্যে সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারিক কর্মকর্তা রয়েছেন ১৬২ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৩ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৩৮ জন এবং ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি ও পদায়ন করা হয়েছে।
