ডা. তাহের

নির্বাচনের সময় নিয়ে জামায়াত খুব কঠোর হতে চায় না

আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:২৩ পিএম

নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াতে ইসলামী খুব কঠোর হতে চায় না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ড. ইউনূসের প্রতি আমরা আমাদের আস্থা পুনর্ব্যক্ত করেছি। আমরা নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে নমনীয়। আমরা বলেছি— ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে উপযুক্ত সময়ে একটি তারিখ দিলে জনমনে যে শঙ্কা আছে তা কেটে যাবে।

সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ডা. মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি— আগামী জুলাইয়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে। অনেক বিষয় ঐকমত্য হয়েছে, সামান্য বিষয়ে কিছু কিছু দ্বিমত রয়েছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। 

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে তিনটি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিছু রাজনৈতিক দল ডিসেম্বর চেয়েছে। তবে আমরা বলেছি মে ও জুন নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয়। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তাহলে জনমনে যে শঙ্কা ও অস্বস্তি রয়েছে, তা কেটে যাবে। এতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করতে পারবে।

জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের বলেন, এরপর একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে, যেখানে আমরা সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হবো এবং এই চার্টারে স্বাক্ষর করবো।

ড. ইউনূসের প্রতি আমরা আমাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন জানিয়ে তিনি বলেন, একটি সফল ও সুন্দর নির্বাচন দেখতে চাই আমরা। 

তিনি বলেন, নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা প্রহসনের নির্বাচন চাই না। প্রতিটি জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থা এখন থেকেই ঠিক করতে হবে, যাতে একটি উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা যায়।

ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াতের আপত্তি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, প্রধান উপদেষ্টা যদি সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যেকোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত