অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের উপস্থাপিত বাজেটে এলডিসি উত্তরণ-পরবর্তী দেশীয় শিল্পকে সুরক্ষার সর্বোচ্চ প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। গতকাল সোমবার উপস্থাপিত বাজেট তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জ¦ালানি, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য, এলএনজি এবং আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস করায় দ্রব্যমূল্য কমার পাশাপাশি বাজারে স্বস্তি ফিরে আসবে এবং সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। এ ছাড়া দেশীয় পুঁজিবাজারকে চাঙ্গা করতে এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এই বাজেটে আশার বাণী রয়েছে।
বাজেটকে স্বাগত জানিয়ে চেম্বার প্রশাসক বলেন, বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে। ঘাটতি বাজেট মোকাবিলায় বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ উৎসে গুরুত্ব দেওয়াকে দেশীয় সক্ষমতার বহিঃপ্রকাশ।
চেম্বার প্রশাসক বলেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ আশাব্যাঞ্জক। এই পরিপ্রেক্ষিতে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো কোনো ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার ও কিছু ক্ষেত্রে হ্রাস করা হয়েছে। আবার দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ থেকে ২ শতাংশে নির্ধারণ এবং বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করায় দেশীয় শিল্প উদ্যোক্তারা উপকৃত হবেন।
সরকার স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক করতে হাসপাতালের শয্যা বৃদ্ধি, ক্যানসার প্রতিরোধ ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ককর অব্যাহতি প্রদান এবং দেশীয় ফলমূল প্রক্রিয়াজাতকরণে কোল্ডস্টোরেজ স্থাপনে যন্ত্রপাতি আমদানি এবং কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব কৃষি ও ওষুধ শিল্পে আমূল পরিবর্তন সাধিত হবে।
