ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন-আসবেন। ঈদের সময় আনুমানিক ১ কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাটসংলগ্ন যানবাহনের চলাচল নির্বিঘœ করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কার্যক্রম চলমান। এমতাবস্থায় কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সড়ক-মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের নির্দেশনা : আগামী ৪-৬ জুন এবং ১২-১৪ জুন মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যদ্রব্য, পচনশীলদ্রব্য, গার্মেন্টসসামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
যান চলাচল সংক্রান্ত নির্দেশনা : রুট পারমিটবিহীন বাস কোনোক্রমেই চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাসকে টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে, কোনো অবস্থাতেই টার্মিনালের বাইরে সড়কের উপরে বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানো ও নামানো যাবে না। ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না। লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না।
কোরবানির পশুর হাটকেন্দ্রিক যান চলাচলের নির্দেশনা : পশুর হাটের ইজারায় উল্লিখিত সীমানা ও স্কেচ ম্যাপের বাইরে সড়কের উপর কোনোভাবেই কোরবানির পশু কেনাবেচা এবং লোড-আনলোড করা যাবে না। কোরবানির পশু পরিবহনকারী যানবাহন আনলোড করার জন্য এবং বিক্রয়কৃত পশু লোড করার জন্য হাটের ভেতর পৃথক পৃথক জায়গা খালি রাখতে হবে। যদি হাটে পর্যাপ্ত জায়গা না থাকে, তবে নিকটবর্তী কোনো জায়গায় পৃথক পৃথক আনলোড এবং বিক্রীত পশু লোড করার স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোনো হাটে কোরবানির পশু যাবেÑ এ বিষয়ে সুনির্দিষ্ট হাটের নামসংবলিত ব্যানার ট্রাকের সম্মুখে টাঙাতে হবে। হাইওয়ে বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো পশুর হাট ইজারা প্রদান না করাসহ অনেক নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশ। যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য এসব নির্দেশনাসংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে বিশেষভাবে অনুরোধও জানান ডিএমপি।
