যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩০ হাজার যানবাহন পারাপার

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহা বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। 

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩০ হাজার ১৬৭ টি যানবাহন পারাপার হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩২  হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। সেতুর উপর কোন দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় আছে।আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ যেন নিবিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত