ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসে পড়ব: ইশরাক

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:২৮ পিএম

অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকা দক্ষিণের ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, সিটি করপোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে নগরভবনে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, জনগণের সেবার যে বিঘ্ন হয়েছে, তার পুরো দায় বর্তমান অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার।

মঙ্গলবার (৩ জুন) বিকালে রাজধানীর গুলিস্তানে নগর ভবনে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে, তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয়।

তিনি বলেন, নগর ভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না।

চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক বলেন, ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি।

এর আগে ‘ঢাকাবাসী’ ব্যানারে সকাল সাড়ে ১০টা থেকে নগর ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। করপোরেশনের কর্মচারীরাও এতে অংশ নেন। গত ১৪ মে নগর ভবনে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে চালিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও ইশরাকের সমর্থকরা।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম  জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক সমর্থকরা লাগাতার আন্দোলনে নামলেও আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ দেয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।

সিটি করপোরেশন আইনানুযায়ী নির্বাচিত করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। ২০২০ সালের ১ ফেব্রsয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রsয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত