ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে সবার ছবি নিতে হবে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন আমিন বাজারে যাত্রী উঠানো বন্ধ হবে। সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী উঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।
ঈদে রংচটা পুরোনো গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি চালকদের একটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পর বিশ্রাম দেওয়া উচিত বলে জানান উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা বসেছিলাম। গতবার নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পেরেছি। এটা আপনারাও (সাংবাদিক) প্রচার করেছেন। আমরা আশা করছি এবারের ঈদযাত্রাও নির্বিঘ্নে হবে। গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়া নিয়েছিল। কিন্তু ফেরার পথে অল্পকিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওযা হয় সেজন্য আমরা বসেছিলাম। মালিকপক্ষ সম্মত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা অনেক সময় দেখেছি ঈদের মৌসুমে যেসব ড্রাইভার দক্ষ না তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়।। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ঈদুল আজহায় পুলিশের ছুটি বাতিল
একই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদ যাত্রায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে।