ফাইনালে কোহলির ৪৩, পাঞ্জাবের লক্ষ্য ১৯১ রান

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:২৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮ত আসরে ফাইনালে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। টস হেরে আগে ব্যাট করা বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে তুলেছে ৯ উইকেটে ১৯০ রান।

আজ যে দলই ফাইনাল জিতুক নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।

ফাইনালে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন বিরাট কোহলি। অভিজ্ঞ এই ভারতীয় ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে ৩৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।

তার আগে ঝড়ের আভাস দিয়েও দ্বিতীয় ওভারেই ৯ বলে ১৬ রানে বিদায় নেন ওপেনার ফিল সল্ট। ইনিংস মেরামতে নামেন কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল। তবে ১৮ বলে ২৪ রান করে ফেরেন আগারওয়াল। এরপর কোহলি ও পাতিদার মিলে ৪০ রানের জুটি করেন। কোহলি ফেরার পর পাতিদার (১৬ বলে ২৬), লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও রোমারিও শেফার্ড (৯ বলে ১৭) ক্যামিও ইনিংস খেলে আউট হন।

১৮তম ওভারে ৫ এবং শেষ ওভারে মাত্র ৩ রান হওয়ায় দুইশ পেরোনোর সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেনি বেঙ্গালুরু।

আইপিএলের ফাইনালে এটি বেঙ্গালুরুর দ্বিতীয় সর্বোচ্চ এবং সব ফাইনালিস্টের হিসাবে যৌথভাবে দশম সর্বোচ্চ। ফাইনালে বেঙ্গালুরু সর্বোচ্চ ২০০ রান করেও লক্ষ্যতাড়ায় হেরেছিল ২০১৬ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত