শামসুজ্জামান দুদু

ফ্যাসিবাদ দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই

আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:৩২ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার পতনের পর ১০ মাস হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই। সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, এজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনভাবে বিনষ্ট করা যাবে না।

মৎস্যজীবী দল মহানগরের আহবায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় এতে 
আরো বক্তব্য দেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত