ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। 

বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজ ছাত্র জামিদুল ইসলামসহ ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পরে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। কাজের একপর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কয়েকজন ‍ বিদ্যুৎস্পৃষ্ট হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে কলেজ ছাত্র জামিদুলের মৃত্যু হয়। সে স্থানীয় একটি কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে হাসপাতালে নেওয়ার পথেই রাব্বানী ও শাহীনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ভুট্টা খেতেই পরে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুৎ শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই। কিন্তু তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেই। এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত