৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে স্পিটবোড চলাচল শুরু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৩:১১ পিএম

আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট পূর্ব নির্ধারিত ভাড়ার দাবিতে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার, বিআইডব্লিউটিএসহ মালিক সমিতির নেতৃবৃন্দ ও জন প্রতিনিধির উপস্থিতিতে স্পিডবোট চলাচল শুরু হয়।

মঙ্গলবার (৩ জুন) স্পিডবোট মালিক-চালকেরা ভাড়া বৃদ্ধির দাবিতে এ নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখে। এতে, ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। 

একাধিক মালিকেরা জানান, আরিচা-কাজিরহাট মালিক সমিতি ২৫০ টাকা হারে যাত্রী ভাড়ায় স্পিটবোড পরিচালনা করে আসছিল। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ নৌরুটে যাত্রীভাড়া ২১০ টাকা নির্ধারণ করে। ফলে, জ্বালানী তেলের মূল্য, চালক-হেলপার ও অন্যান্য খরচ মিলিয়ে এ ব্যবসা ক্ষতির মুখে পড়ে। এছাড়া, ঈদসহ যে কোন পার্বণে আরিচা থেকে কাজির হাট মুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। কিন্তু, কাজির হাট থেকে আরিচায় যাত্রী শূন্য অবস্থায় স্পিডবোট চলাচল করতে বাধ্য হয়। এতে, স্পিডবোট ব্যবসা আরোও ক্ষতির মুখে পড়ে। এ কারণে যৌত্তিক ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জুন মঙ্গলবার স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

আরিচা-কাজিরহাট স্পিডবোট মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. নাসির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে বুধবার দুপুর থেকে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে। তবে, আমাদের এ ভাড়ায় প্রতিটি টিপে চার থেকে পাঁচশ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এভাবে আমরা সন্ধ্যা পর্যন্ত দেখব। যদি কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী ভাড়া বৃদ্ধি না করে পরদিন থেকে আবারোও এ রুটে স্পিডবোট বন্ধ রাখা সিদ্ধান্ত নেবো। 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি নিয়ে স্পিডবোট মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী আপাতত স্পিডবোট চালানোর কথা বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত