প্রথমবারের মতো বিসিএলে আসতে পারে বিদেশি দল

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবার নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার যুক্ত হতে পারে একটি বিদেশি দল।

বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ইংরেজি গণমাধ্যম ডেইলি সান।

ঐ কর্মকর্তা বলেন, 'বিসিএলে বর্তমানে চারটি দল অংশ নেয়, যাদের মূল অংশ গঠিত হয় জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো করা ক্রিকেটারদের দিয়ে। এবার আমরা ভাবছি একটি বিদেশি দলও টুর্নামেন্টে রাখার বিষয়টি—সম্ভাব্যভাবে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের কোনো ‘এ’ দল।'

নতুন এই প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, তিনটি স্থানীয় দলের সঙ্গে মাঠে নামবে একটি বিদেশি দল। বিসিবি কর্মকর্তা জানান, 'এতে প্রতিযোগিতার মান যেমন বাড়বে, তেমনি তিনটি দলে জায়গা পেতে হলে স্থানীয় ক্রিকেটারদেরও দিতে হবে অসাধারণ পারফরম্যান্স। আর বিদেশি দল থাকলে টুর্নামেন্টে নতুন মাত্রাও যোগ হবে। এখন সব নির্ভর করছে বিসিবি সভাপতির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।'

এছাড়া এবারের বিসিএলের সূচিতে আসছে পরিবর্তন। মে মাসের প্রথম সপ্তাহে শুরুর কথা থাকলেও খেলোয়াড়দের ব্যস্ততা ও প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে সেটি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত।

'আপনাদের জানা মতো, ওই সময় দেশে ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের সিরিজ থাকায় অনেক খেলোয়াড় পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। জাতীয় দল তো প্রায়ই ব্যস্ত থাকে। সব মিলিয়ে খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে পড়ছিল,' বললেন বিসিবি কর্মকর্তা। 'এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রচণ্ড গরম, যা চারদিনের ক্রিকেট খেলার জন্য একেবারেই অনুপযুক্ত। খেলোয়াড়দের ঝুঁকিতে ফেলতে চাইনি আমরা।'

যদি প্রস্তাবটি বাস্তবায়িত হয়, তাহলে এটিই হবে প্রথমবারের মতো কোনো বিদেশি প্রথম শ্রেণির দলের অংশগ্রহণ বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে—যা হবে দেশের ক্রিকেট কাঠামোয় এক নতুন পালাবদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত