অ্যাটর্নি জেনারেল

আ. লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে।

বুধবার (৪ জুন) বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্য হিরো'স অব ঝিনাইদহ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই-আগস্টের কঠিন গিরিপথ পার করে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছেন। বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি করেছেন আপনারা। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যদি অসহিষ্ণু কথাবার্তা বলেন, উদ্দেশ্যমূলক ও উত্তেজনাকর কথাবার্তা বলেন, একে অপরকে অশ্রদ্ধা করেন, তাহলে জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে কেউ গুমের শিকার হয়নি, পুলিশ বাদী হয়ে একটিও গায়েবি মামলা করেনি। জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের বাংলাদেশ গড়ে তোলার চেতনা।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের আমলে ২০০৮ সালের পরে ৭০০ মানুষকে গুম করেছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। গত ১৬ বছরে দেশে প্রায় সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষকে গায়েবি মামলায় হয়রানি করেছিল আওয়ামী সরকার। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচ এম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ও অংশগ্রহণকারী রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত