লেস্টার সিটিতে র্যুড ফন নিস্তেলরয়ের আগমনটি ছিল অনেকটা স্বপ্ন দেখার মতো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ডাচ স্ট্রাইকারের হাত ধরে ক্লাবটি নতুন করে ঘুরে দাঁড়াবে—এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু মৌসুম শেষে সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে হতাশায়। অবনমন, ব্যর্থ কৌশল, খেলোয়াড় ব্যবস্থাপনায় গাফিলতি—সব মিলিয়ে কোচ হিসেবে নিজের প্রথম ইংলিশ অধ্যায়কে মনে রাখার মতো করে রাখতে পারলেন না নিস্টেলরয়।
মৌসুমজুড়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন এই ডাচ কোচ। তার অধীনে ছিলেন না বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। বরং শুরুর আগেই তাকে ধারে পাঠানো হয় শেফিল্ড ইউনাইটেডে। সেখানে গিয়ে হামজা হয়ে উঠেছেন দলটির নির্ভরতার প্রতীক। মিডফিল্ডে দাপুটে পারফরম্যান্সে শেফিল্ড সমর্থকদের হৃদয় জয় করেছেন তিনি।
অন্যদিকে, নিস্তেলরয়ের পরিসংখ্যান বলছে এক হতাশার গল্প। ২৭ ম্যাচে জয় মাত্র ৫টিতে। অবনমন নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে নিস্টেলরয় বলেছিলেন, 'আমি ক্লাবের কাছ থেকে স্পষ্ট বার্তা চাই—আমি পরের মৌসুমের পরিকল্পনায় আছি কি না।'
তবে সেই স্পষ্ট বার্তা এখনও আসেনি। নিস্তেলরয় এখন নেদারল্যান্ডসে, পরিবারের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। তবে স্কাই স্পোর্টস জানিয়েছে, তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। লেস্টার খুব শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে ডাচ এই কোচকে।
ইতিমধ্যে পরবর্তী কোচ খুঁজতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। তিনজন সম্ভাব্য কোচের নাম শর্ট লিস্ট করা হয়েছে—ড্যানি রোল, লিয়াম রোসেনিয়র ও রাসেল মার্টিন।
একদিকে যখন নিস্তেলরয়ের অধ্যায় শেষের পথে, তখন অন্যদিকে শেফিল্ডে নতুন গল্প লিখছেন হামজা চৌধুরী। যা নিঃসন্দেহে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বড় এক গর্বের উপলক্ষ।
হামজাকে পেতে চায় চ্যাম্পিয়নস লিগের ক্লাব!
ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবলের 'মিনি মেসি'