ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি এমন যে অনেকেই মনে করে সরকার চালানো অনেক সহজ। এমন একটি দল যাদের কোনো কিছুই নেই তবুও তাদের কিছু ব্যক্তি ক্ষমতায় আসনে বসাতে চায়। আরে ভাই ক্ষমতা থেকে নামানো আর সরকার চালানো এক নয়।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরাতে মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং পল্লবী হাতিরঝিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার তারা স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে। গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয়নি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।
