২২৫ দিন পর কর্মস্থলে ফিরলেন পলাতক থাকা সেই দীপংকর

  • পাঁচকোটি টাকা নিয়ে বিপ্লব বড়ুয়াকে দেশত্যাগে সহযোগিতা
আপডেট : ০৫ জুন ২০২৫, ১০:৫০ এএম

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বিনাঅনুমতিতে কর্মস্থল থেকে সাত মাস ১৩ দিন পালিয়ে থাকার পর আবার কর্মস্থলে ফিরেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ফায়ার অপারেটর দীপংকর চৌধুরী। 

এই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাকে কোটি কোটি টাকার বিনিময়ে দেশ থেকে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন দীপংকর। গত ১৩ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন দীপংকর। বিভাগীয় মামলায় অভিযুক্ত এই কর্মকর্তা পুনরায় কর্মস্থলে ফেরা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ‘অস্বস্তিতে’পড়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। 

দীপংকরের দাবি, সাত মাস ১৩ দিন জনৈক ডা. মো. হানিফ উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ, ডায়েরেটিস, ব্রঙ্কাইটিস ও ওটিটিএস মিডিয়া রোগে আক্রান্ত ছিলেন তিনি। সুস্থতাবোধ করায় গত ১৩ এপ্রিল নিজ কর্মস্থলে যোগদান করেন দীপংকর। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ৭ মাস ১৩ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গত বছরের ২৭ ডিসেম্বর বিভাগীয় মামলা দায়ের করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

এ বিষয়ে বক্তব্য জানতে বুধবার কিকেলে একাধিক কল করলেও সাড়া দেননি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।  

পাঁচ কোটি টাকা নিয়ে বিপ্লব বড়ুয়াকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালাতে সহযোগিতা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে দীপংকরের বিরুদ্ধে। এয়ারপোর্টের টার্মিনালের এরাইভাল এরিয়ায় নামাজের স্থান বাতিল, বিএনপি পন্থী বিভিন্ন মানুষকে রাজনৈতিক হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে চট্টগ্রামের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে সখ্যতা এবং একটি শিল্প গ্রুপের এজেন্ট হয়ে শাহ আমানত বিমানবন্দরে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে দীপংকরের বিরুদ্ধে। উক্ত দুই নেতার সঙ্গে দীপংকরের ছবি ফেসবুকেও ভাইরাল হয়েছে। দীপংকরের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে বিমানবন্দর সুত্রে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেবিচক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ এর বিধি ৪৯(খ) ও (গ) অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ও পলায়ন এর পর্যায়ভুক্ত অপরাধ হওয়ায় তার (দীপংকর চৌধুরী) বিরুদ্ধে গত বছরের ২৭ ডিসেম্বর বিভাগীয় মামলা (নং ১২/২০২৪) রুজু করে বেবিচক। গত বছরের ৩০ অক্টোবর তার বেতন-ভাতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পুনরায় কর্মস্থলে যোগদানের এক সপ্তাহ পরে গত ২১ এপ্রিল তার বেতন-ভাতা পুনরায় চালু করার জন্য সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের ফায়ার শাখায় কর্মরত আছেন দীপংকর। তার আগের কর্মস্থল ছিল ভিআইপি লাউঞ্জে। 

জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে দীপংকরের অনুপস্থিত থাকার বিষয়টি বেবিচক কর্তৃপক্ষকে জানানো হয় গতবছরের ৯ সেপ্টেম্বর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। গত বছরের ৯ অক্টোবর থেকে দীপংকরের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পায় কর্তৃপক্ষ। একই বছরের ১২ নভেম্বর বেবিচকের প্রশাসনিক বিভাগ তার (দীপংকর) কাছে ব্যাখ্যা তলব করে। ব্যাখ্যা তলবের চিঠি তার স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠালেও সেটি বেবিচকের কাছে ফেরত আসে।
 
বিভাগীয় মামলা রুজুর পর অভিযোগের বিষয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশনা দিয়ে গত ২৩ মার্চ দীপংকরের স্থায়ী ঠিকানায় চিঠি দিলেও সেটিও বেবিচকের কাছে ফেরত আসে। এরপর বেবিচকের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয় বেবিচকের শৃঙ্খলা ও তদন্ত শাখা। এর আগে গত বছরের ১২ নভেম্বর তার কাছে ব্যাখ্যা তলব করে চিঠি দেন বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) রমা বিশ্বাস। অভিযোগের বক্তব্য জানতে চাইলে মাইল্ড স্ট্রোক করেছেন বলে দাবি করে ফায়ার অপারেটর দীপংকর চৌধুরী বুধবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘মরে গেলে ভাল হয়। মরে গেলে সংবাদে লিখতে পারবেন মরে গেছি।’

জানা গেছে, দীপংকর চৌধুরীর বাবার নাম মৃত বাবুল বাবুল কুমার চৌধুরী। তার স্থায়ী ঠিকানা ৫৮ ঘাটফরহাদবেগ সৎসঙ্গ তবাশ্রম, মোমবাতি গলি, দেওয়ানবাজার ওয়ার্ড, কোতোয়ালি, চট্টগ্রাম। অভিযোগ, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরদিন (৬ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় সাবেক এক কর্মকর্তার সরকারি বাসায় রাতে অবস্থান করেন। ৭ আগস্ট সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিপ্লবকে তুলে দেন ওই কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর থেকে আরেকটি উড়োজাহাজে করে বিপ্লব বড়ুয়া যুক্তরাষ্ট্রে চলে যান। ওই কর্মকর্তার হয়ে মাঠ পর্যায়ে সবকিছু তদারকি করেন দীপংকর চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত