রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় অজ্ঞান পার্টির শিকার হয়েছেন দুই কোরবানির গরু ব্যবসায়ী। এতে তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
অজ্ঞান হয়ে পড়া ওই দুই ব্যবসায়ীর নাম মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। পরে অচেতন অবস্থায় রাত ২টার দিকে মো. হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার হোসেনকে ভর্তি করা হয় কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে।
জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া গ্রাম থেকে রাজধানীতে এসেছিলেন তারা। সঙ্গে নিয়ে এসেছিলেন ২৮টি গরু।
ব্যবসায়ীদের সহকর্মী নূর ইসলাম জানান, ‘তারা তিব্বত গরুর হাটে গরু বিক্রি করতে আসেন। কিছু গরু বিক্রির পর তাদের কাছে মোট ২৫ লাখ টাকা ছিল। রাত সাড়ে ১২টার দিকে খাবারের উদ্দেশ্যে হাট এলাকা ছেড়ে বাইরে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে দুইজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে আনোয়ার হোসেনকে স্থানীয় হাসপাতালে ও হাসানকে ঢামেকে নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘হাসান নামে একজনকে অচেতন অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে ২৫ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েই তিনি এই অবস্থায় পড়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
এ ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে কোরবানির পশুবিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের মধ্যে। পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে।
শাকিব খান বললেন, ‘তাণ্ডব’ রাফীর ক্যারিয়ারের সেরা সিনেমা
কোরবানির বর্জ্য অপসারণে ঢাকায় প্রস্তুত দুই সিটি করপোরেশন