ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে কুরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কাবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। এছাড়া ভারতীয় নাগরিকদের অবৈধ পুশইন ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। এজন্য সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে যে কোনো অপরাধ তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। ইতোমধ্যে চামড়া পাচার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার এবং মাদক চোরাচালান ও পুশইন করতে দেওয়া হবে না।
বিজিবির ২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১ কিলোমিটার বিজিবির ২৫ ব্যাটালিয়ন এবং ৪২ কিলোমিটার সীমান্ত ৬০ ব্যাটালিয়নের অধীনে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আখাউড়ার একাংশ ও বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মূলত প্রতিবছর ঈদুল আজহাকে ঘিরে সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া পাচারে সক্রিয় হয়ে উঠে চোরাকারবারিরা। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
