৪৫ মিলিয়ন ইউরোয় রিয়ালে যাচ্ছেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় মাস্তানতুয়ানো!

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:২০ পিএম

শেষ পর্যন্ত পিএসজিকে হতাশ করে রিভার প্লেটের তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে দলে ভেড়াতে চুক্তিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। প্রাথমিকভাবে এ আর্জেন্টাইনের চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো। সংবাদ সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন ক্লাবটির একজন মুখপাত্র। ২০৩১ সাল পর্যন্ত ৬ বছরের জন্য এ চুক্তি করতে চায় রিয়াল।

২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১৭ বছর বয়সে রিভারে অভিষেক হয় মাস্তানতুয়ানোর। বাম পায়ে দক্ষ ও নিখুঁত ফিনিশার হিসেবে পরিচিত এই খেলোয়াড় খুব দ্রুতই কোচ মার্সেলো গায়ার্দোর অধীনে একাদশে জায়গা পাকাপোক্ত করেন এবং বুয়েন্স আইরেসের দলটির মূল স্তম্ভ হয়ে ওঠেন।

শুক্রবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে মাস্তানতুয়ানোর। ৮৪তম মিনিটে জুলিয়ানো সিমেওনের পরিবর্তে মাঠে নামেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার অফিশিয়াল ম্যাচে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন তিনি। স্থানীয় গণমাধ্যম সাম্প্রতিক ফুটবল বিস্ময় হিসেবে বিবেচনা করছে মাস্তানতুয়ানোকে।

গত এপ্রিলের সুপারক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে মাস্তানতুয়ানোর দুর্দান্ত ফ্রি-কিক গোল ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ে। এর পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির মতো ক্লাবগুলো দলে ভড়াতে চেয়েছিলো এ তরুণ বিস্ময়কে। তবে সবাইকে ছাপিয়ে রিয়াল মাদ্রিদই দৌড়ে এগিয়ে গেলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত