সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ সন্ধ্যায়। সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ইতোমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন অবস্থায় প্রশ্ন জাগছে—কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ?

দলের নিয়মিত ফরমেশন হিসেবে বিবেচনায় থাকছে ৪-২-৩-১ ছক। কোচ হাভিয়ের ক্যাবরেরা সাম্প্রতিক ম্যাচগুলোয় এই ছকেই দল সাজিয়েছেন, এবং আজও একই রণকৌশল অনুসরণের সম্ভাবনাই বেশি। নতুন যোগ দেওয়া দুই প্রবাসী খেলোয়াড়—হামজা চৌধুরী ও শমিত সোমের ওপরই থাকবে মাঝমাঠের ভার।

গোলবারে দেখা যেতে পারে তরুণ মিতুল মারমাকে, যিনি ইতোমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। রক্ষণভাগে ডানপাশে থাকবেন তাজ উদ্দিন, বাঁপাশে সাদ উদ্দিন। সেন্টারব্যাক জুটিতে দেখা যেতে পারে তারিক কাজী ও অভিজ্ঞ তপু বর্মণকে।

ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে সবচেয়ে বেশি নজর। ইংলিশ ক্লাব ফুটবলে খেলা হামজা ও কানাডা প্রবাসী শমিত বাংলাদেশের মিডফিল্ডে আনতে পারেন কাঙ্ক্ষিত ভারসাম্য ও চাপ থেকে মুক্তির উপায়। অ্যাটাকিং মিডফিল্ডে ছন্দ তৈরি করার কাজটি করবেন কাজেম কিরমানী।

আজকের জাতীয় স্টেডিয়াম। ছবি: মুসাহো মুকুল

দলের দুই উইংয়ে দেখা যেতে পারে ফাহামিদুল ইসলাম ও অধিনায়ক জামাল ভূঁইয়াকে। আর একমাত্র ফরোয়ার্ড হিসেবে শুরু করতে পারেন রাকিব হোসেন, যিনি গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখার সামর্থ্য রাখেন।

তালিকাটি নিশ্চিত না হলেও সম্ভাব্য একাদশে এই নামগুলোই সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):

গোলরক্ষক: মিতুল মারমা

ডিফেন্ডার: তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মিডফিল্ডার (ডাবল পিভট): হামজা চৌধুরী, শমিত শোম

অ্যাটাকিং মিডফিল্ডার: ফাহামেদুল ইসলাম, কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া

স্ট্রাইকার: রাকিব হোসেন

অবশ্য শেষমেশ চূড়ান্ত একাদশ নির্ভর করবে প্রতিপক্ষের কৌশল ও ম্যাচের পূর্ববর্তী পরিস্থিতির ওপর। তবে আজ সন্ধ্যায় মাঠে নামবে এমন একটি দল, যারা শুধু প্রতিপক্ষ নয়, নিজেদের অতীতকেও ছাড়িয়ে যাওয়ার সংকল্প নিয়ে নামবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত