নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ও ফার্মেসী ব্যবসায়ী সাদেকুর রহমানের দোকানে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও চাঁদা দাবীর ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন ।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।
ব্যবসায়ী সাদেকুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫) তার ফার্মেসিতে গিয়ে নিজেদের পরিচয় দেন। এক পর্যায়ে তারা দোকানে ঢুকে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করে সেটিকে ইয়াবা হিসেবে দাবি করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
