বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল চারটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর শহরের বেলডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হামিদ (২৩) বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার গ্রামের রাসেল মন্ডলের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ট্রাক ড্রাইভার মুমিন(৩৮) একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এ ঘটনার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস.আই রফিক দেশ রূপান্তরকে জানান, বিকেল ৪টার দিকে একটি ট্রাক (বগুড়া-ড ২৭৮৭) লিচু নিয়ে ঢাকায় যাচ্ছিল। একই সময় আসাদ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-২১৮২) দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিরামপুরের বেলডাঙা মোড়ে মহাসড়কে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও সহকারী চাপা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম ট্রাক হেলপার আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন।
