ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত

আপডেট : ১১ জুন ২০২৫, ১১:৪৯ এএম

পাবনার ঈশ্বরদীতে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় লিচু বিক্রেতা আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) এবং তাঁদের মেয়ে পূর্ণতা (৮)। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মফিজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্নার মোড় এলাকায় রাস্তার পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এ সময় মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল ইসলাম। মুন্নার মোড়ে এসে তিনি মোটরসাইকেল থামিয়ে লিচুর দরদাম করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে আনিসুর রহমান, সুবর্ণা খাতুন এবং তাঁর মেয়ে পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মফিজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।]

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কল্লোল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত