যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভ দমনে জারি করা কারফিউ অমান্য করে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে শহরজুড়ে কারফিউ কার্যকর হলেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা জানিয়েছেন, কারফিউ চলমান থাকা সত্ত্বেও একটি বড় বিক্ষোভকারীদের দল পুলিশকে সামনে রেখে স্লোগান দিতে থাকে। পুলিশ তাদের উদ্দেশে বারবার ঘোষণা করে, এটি একটি বেআইনি সমাবেশ এবং যদি তারা এলাকা না ছাড়ে, তবে গ্রেপ্তার করা হবে।
বিক্ষোভের সময় একটি হেলিকপ্টার উপর থেকে চক্কর দিতে থাকে এবং জনতার ওপর সার্চলাইট ফেলতে দেখা যায়। শহরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টানা পাঁচ দিন ধরে চলা বিক্ষোভের ফলে শহরে যেভাবে অস্থিরতা বাড়ছে, তাতে নাগরিকদের জানমাল রক্ষায় কারফিউ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
কারফিউ জারির ঠিক আগে লস অ্যাঞ্জেলেসে অবস্থানরত সবাইকে মোবাইল ফোনে একটি সতর্কবার্তা পাঠানো হয়। মেয়র ক্যারেন ব্যাসের পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় জানানো হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে কর্মস্থলে যাতায়াতকারী, জরুরি সেবা প্রদানকারী ও গ্রহণকারীরা এ নির্দেশনার আওতায় পড়বেন না।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র ক্যারেন ব্যাস বলেন, শহরজুড়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। ইতোমধ্যে শহরের একাধিক এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, “আগামীকাল আমরা নির্বাচিত জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বসব। মনে করছি, কারফিউ কয়েক দিন চলবে।”
লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এ বিক্ষোভ এখন পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক, টেক্সাসসহ অন্তত ১০টি শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিবিসির খবরে বলা হয়, অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভের সূত্রপাত।
নিউইয়র্কে আন্দোলন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ হলেও, টেক্সাসের বিভিন্ন শহরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।
যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া এই গণআন্দোলন এখন প্রশাসনের কড়া নজরদারিতে। তবে কারফিউ ও সেনা মোতায়েনের পরও সাধারণ মানুষের প্রতিবাদে ভাটা পড়ছে না।
একটা কাঁচের বাড়ি বানাবো: পরীমণি
৪৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ