ইতিহাস গড়েছে উজবেকিস্তান ফুটবল দল। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাই পর্ব জয় করেছে তারা। নিজেদের মাঠ তাসখন্দে কাতারকে ৩–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে দলটি। আর এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে গাড়ি—মাঠে হাজির করা হয় ৪০টি বিল্ড ইউর ড্রিমস (বিওয়াইডি) গাড়ি, সঙ্গে সঙ্গে দেওয়া হয় চাবিও।
তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সিভাসপোরে খেলা উইঙ্গার আজিজবেক তুর্গুনবোয়েভ। দ্বিতীয়ার্ধের ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেরি আ'র ক্লাব এএস রোমার ফরোয়ার্ড এলদর শোমুরোদোভ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্থানীয় ক্লাব পক্ষতাকরের স্ট্রাইকার ইগর সেরগেয়েভ শেষ পেরেকটি ঠুকে দেন কাতারের কফিনে।
তবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছিল আগেই—শেষ ম্যাচের এক রাউন্ড আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল উজবেকরা।
এই অসামান্য অর্জনের পেছনে অন্যতম কৃতিত্ব বর্তমান কোচ তিমুর কাপাদজের, যিনি স্লোভেনীয় কোচ স্রেচকো কাটানেচকে সরিয়ে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে দল নতুন করে প্রাণ পায় এবং ইতিহাস লিখে। এই অবদানের স্বীকৃতি হিসেবে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়োভ জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, পদক ও সনদে ভূষিত করার আদেশে স্বাক্ষর করেছেন।
উজবেকিস্তান গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করলেও তাদের সঙ্গে গ্রুপ থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে শক্তিশালী ইরান। অন্যদিকে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে পরের ধাপে প্লে-অফে বিশ্বকাপের টিকিটের জন্য লড়তে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ—ছয়টি মহাদেশ থেকে।
কনফেডারেশন অনুযায়ী কোটা নির্ধারণ করা হয়েছে এভাবে: ইউরোপ থেকে ১৬টি দল, আফ্রিকা ৯.৫, এশিয়া ৮.৫, কনমেবল (দক্ষিণ আমেরিকা) ৬.৫, কনকাকাফ (উত্তর-মধ্য আমেরিকা) ৬.৫ এবং ওশেনিয়া ১.৫। দশমিক সংখ্যাগুলো ইন্টারকনফেডারেশন প্লে-অফের জন্য বরাদ্দ।
বিশ্বকাপের বাকি আর ৩৬৫ দিন
আর্জেন্টিনার মাঠে ৮৬'র ম্যারাডোনা যেনো দেখা দিলেন লুইস দিয়াজে