৫ আগস্টের পর আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি: খোকন

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:০১ পিএম

বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনসহ শিল্প-সংস্কৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

বুধবার (১১ জুন) বিকেলে নরসিংদী সরকারি কলেজ মাঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ।

তিনি বলেন, ‘খেলাধুলা ও শিল্প সংস্কৃতিসহ সবকিছুতেই ৫ আগস্টের পর আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি। তরুণ ও যুবকদের মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক আয়োজন এবং খেলাধুলার গুরুত্ব রয়েছে। তারা খেলাধুলা ও শিল্প সংস্কৃতিতে ব্যস্ত থাকলে মাদক ও কিশোর গ্যাংয়ের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, আমি একজন ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ থেকেই রাজনীতিবিদ হয়েছি। ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনৈতিক মুক্ত রাখা হবে। অতীত সময়ে, একজন খেলোয়াড় সরকারি দল করে কিনা সেটি ছিল যোগ্যতার মাপকাঠি। এসব চিন্তা থেকে বের হয়ে এসে নিরপেক্ষভাবে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নরসিংদী ইউনাইটেড কলেজের প্রভাষক ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আবুল খায়ের ফরাজি।

এ সময় উপস্থিত ছিলেন নোঙ্গর পরিবারের রিয়াজ ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ভুইয়া সাহেলসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও নরসিংদী জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত