শেফিল্ডের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার হামজার আয় কত?

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:১৪ পিএম

দেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে যুক্তরাজ্যে ফিরে গেছেন হামজা চৌধুরী। ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে তার ধারের চুক্তি ছিল। এখন তাকে ফিরতে হবে মূল ক্লাব লেস্টার সিটিতে। তবে তার গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যাওয়ার গুঞ্জন আছে। তবে যাওয়ার আগে তিনি নিশ্চয়ই আর্থিক দিকটা খতিয়ে দেখবন। কারণ, ইংলিশ ক্লাবে তার আয় কিন্তু মোটেও মন্দ নয়।

বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে ফুটবল বিষয়ক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘ক্যাপোলজি’। এই প্রতিষ্ঠানের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১ হাজার ৪৭৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ৮২ হাজার টাকা। বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল ৫ হাজার ৯২৪ ইউরো বা ৮ লাখ ২৬ হাজার টাকা!

২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত চুক্তির ১২৪ দিনে শেফিল্ড থেকে হামজা আয় করেছেন মোট ৭ লাখ ৩৪ হাজার ৫৭৬ ইউরো বা (১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা। ‘ক্যাপোলজি’ জানিয়েছে, ২০২৪–২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার সমান বেতন পেয়েছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার। 

তবে মূল দল লেস্টার সিটিতে হামজার সাপ্তাহিক বেতন ছিল অনেক কম- মাত্র ১৭ হাজার ৭৭৪ ইউরো বা ২৪ লাখ ৭৮ হাজার টাকা। দৈনিক আয় ছিল ২ হাজার ৫৩৯ ইউরো বা ৩ লাখ ৫৪ হাজার টাক। এই বেতন শেফিল্ডের চেয়ে অর্ধেকেরও কম। হামজা লেস্টারে থেকে গেলে সামনের মৌসুমে তার বেতন বাড়ে কিনা সেটা দেখার। কিংবা গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসই বা তাকে প্রস্তাব দেয় কিনা- সেদিকেও তাকিয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত