নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে সাইফুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ দুপক্ষের আরো অন্তত ২৫ জন আহত হন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বেলাব ও চর বেলাব গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত সাইফুল মিয়া (২৬) চর-বেলাব এলাকার জীবন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর-বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের হমালায় তিনজন গুরুতর আহত হন। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও চড়াও হন বিক্ষুব্দ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ, গ্রামবাসী যৌথ সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশসহ ২৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাইফুল মিয়া।
সংঘর্ষে আহত বেলাব থানার এসআই নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামাতে যাই। আমাদের সঙ্গে নিরাপত্তামূলক সরাঞ্জম ছিল না। তারা আমাদের কথা না শুনে অতর্কিত হামলা চালায়।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশিফকা ফেরদৌস বলেন, সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত ১০ পুলিশ সদস্যসহ ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, তুচ্ছ ঘটনায় দুই দল গ্রামবাসী সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহাবুবুর রহমানসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাবা হওয়ার পর আরও ভালো ক্রিকেটার হয়েছেন বুমরা
সরকারি গাড়িতে বাগাতিপাড়া কৃষি কর্মকর্তার ‘ব্যক্তিগত ভ্রমণ’