নোয়াখালীর সদর উপজেলায় চার বছরের শিশু কন্যাকে নিয়ে গলায় ফাঁস দিয়ে রাবেয়া বসরী রাহী (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আইয়ুবপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই বাড়ির আবদুর রহমান রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) ও তার মেয়ে জান্নাতুল ইসলাম মাইশা (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করেন। তিনি একটি মাংসের দোকানে চাকরি করেন। রুবেল জুয়া খেলতো বলে তার স্ত্রী সাথে সংসারে কলহ লেগে থাকতো। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
বিকেল সাড়ে ৪টার দিকে রুবেল কাজ থেকে বাড়ি ফিরে তার শয়ন কক্ষে স্ত্রী ও সন্তানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রুবেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় নিহতের স্বামী আব্দুর রহমান রুবেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় হেফাজতে নেয়া হয়েছে।’
