হাতিয়ায় বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের ৫ কর্মী আহত

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৪০ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া তমরদ্দি বাজারে বিএনপির এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ৫ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ১টায় তমরদ্দি বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত ৫ জন হলো সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), রনি (২৬), এরশাদ (৩৫), পয়েল (২৫)। এদের সবার বাড়ি তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারো বেকি গ্রামে। এরা সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দারের কর্মী সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তানভীর গ্রুপের কয়েকজন বিএনপি সমর্থক। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে প্রতিপক্ষরা। হামলাকারীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে ৫ জনকে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার বলেন, গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির ঈদপুনর্মিলনীতে অংশগ্রহণের পথে হামলায় বিএনপির প্রায় ৩৫ কর্মীকে আহত করা হয়। এই ঘটনায় দুটি মামলা করা হলেও কোনও আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এতে আসামিরা আবার হামলা করার সাহস পেয়েছে।

তিনি বলেন, ধারালো অস্ত্রের কোপে অনেকের শরীরের বিভিন্ন অংশ ছিড়ে গেছে। আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ৪ জনকে। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে অভিযোগ করেন তিনি।

আলমগীর কবির জানান, হামলাকারীদের সঙ্গে তার কোনও নেতাকর্মী জড়িত ছিল না। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, বিএনপি নেতা তানভীর ও আলমগীর গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের মধ্যে বিরোধ অনেক আগে থেকে চলে আসছে। এর আগে এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আমরা আসামিদের আটকে অভিযান অভ্যাহত রেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত