লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও ৬ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে প্রধান সীমান্ত পিলার ৮৫৩-এর ১ নম্বর উপ-পিলার এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চেঙ্গেরবাড়ী সীমান্ত থেকে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে পুশইন করে। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পরে ওই ছয়জনকে আজিজপুর গ্রামের কমলার বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান বলেন, পুশইনের বিষয়টি সত্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কেউ ভারতীয় নাগরিক, কেউ বাংলাদেশি। তারা সবাই ভারতীয় চা বাগানে কাজ করতেন।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুশইনের ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম শুরু হবে।
