গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের জেরে প্রধান ফটক তালাবদ্ধ করে হামলা-ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ওই কর্মকর্তাদের উদ্ধারের পর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এরপর সেনাবাহিনী ও শিল্পপুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ ও ৪৩ শ্রমিককে আটক করে।
গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাইয়ের জের ধরেই বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূলফটকে তালা দিয়ে বিভিন্ন বিভাগের ছোট-বড় অন্তত ৪০ কর্মকর্তাকে মারধর করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালা ভেঙে অবরুদ্ধ অবস্থা থেকে কর্মকর্তাদের উদ্ধার করেন। সেখান থেকে ৪৩ শ্রমিককে আটক করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানার এক কর্মকর্তাকে অপসারণের দাবি ছিল তাদের পক্ষ থেকে। সেই দাবি মেনে ওই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছিল। এ আন্দোলনে যারা জড়িত তাদের কোনো শাস্তি বা ছাঁটাই করা হবে না বলে আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে ঈদের পর ছুটি কাটিয়ে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন অনেকেরই চাকরি চলে গেছে। এর জের ধরে শ্রমিকরা কারখানা গেটে তালা মেরে দেয়।
ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বলেন, সব ধরনের বিধি মেনে তারা শ্রমিক ছাঁটাই করেছেন। শ্রমিকরা অহেতুক উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে কারখানার মানবসম্পদ কর্মকর্তা ইলিয়াস হোসাইন, হেলাল উদ্দিন, আরিফুর রহমান, জলিলসহ ১০ থেকে ১৫ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বেশি খারাপ হতে থাকলে শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আসেন। কারখানার প্রধান ফটকের তালা ভেঙে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করেছি। এ ঘটনায় ৪৩ শ্রমিককে আটক করা হয়েছে।
