রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছোট-খাটো বিষয় নিয়ে আমরা উত্তেজিত হচ্ছি। আলাদা পার্টি, আলাদা রাজনীতি-ভিন্নতা তো
থাকতেই পারে। বাংলাদেশে মধ্যমপন্থি, উত্তর-দক্ষিণ, ইসলামপন্থি সব ধরনের দল আছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত। নির্বাচনের প্রশ্নে সবাই একমত। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে গণতন্ত্রকে বিপন্ন করছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চমাত্রায় নিয়ে গেছে’ এমন মন্তব্য করে দুদু বলেন, ‘লন্ডনের এই বৈঠক বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। এই বৈঠক স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই মিটিং বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করেছে, আনন্দিত করেছে যে ভবিষ্যতে গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে।’
